সাম্প্রতিক
Skip to content

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ছবি: সংগৃহীত

নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার প্রতিবাদে নাটোরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা।

সোমবার সকাল সাড়ে ১১টায় নাটোরের সর্বস্তরের সাংবাদিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এতে নাটোর জেলায় এবং বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী অংশ নেন।

নাটোরের সিনিয়র সাংবাদিক নাসিম উদ্দিন নাসিমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ইউনাইটেড প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সুফি সান্টু, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, চ্যানেল আইয়ের সিনিয়র সাংবাদিক রেজাউল করিম রেজা, একাত্তর টিভির বুলবুল আহমেদ, যমুনা টিভির নাজমুল হাসান,এনটিভির হালিম খান, এটিএন বাংলার জুলফিকার হায়দার জোসেফ, এখন টিভির সাংবাদিক মাহবুব হোসেন, চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার দেবাশীষ কুমার সরকার।

বক্তারা বলেন, সাংবাদিক আলিফের হত্যারকারীদের গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করতে হবে। আলিফের ওপর হামলা ও হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতার জন্য বড় হুমকি। দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে সাংবাদিকদের নিরাপত্তাহীনতায় ভুগতে হলে মুক্ত সাংবাদিকতা বাধাগ্রস্ত হবে। সত্য প্রকাশের কারণে কোনো সাংবাদিককে যেন জীবন দিতে না হয়, সে জন্য সরকার ও প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাংবাদিক আলিফকে হত্যার হুমকি ও হামলার আশঙ্কার বিষয়টি আগেই প্রশাসনকে জানানো হয়েছিল। এরপরও তার নিরাপত্তা নিশ্চিত করা যায়নি।

এনএনবাংলা/