কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ৩

কক্সবাজারের হিমছড়ি সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন সাগরে নিখোঁজ রয়েছেন। বুধবার (২১ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভসংলগ্ন হিমছড়ি মেরিনা রিসোর্টের জাদুঘরসংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমান গণমাধ্যমকে তিন পর্যটকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকজন পর্যটক হিমছড়ি সৈকতে গোসলে নামেন। এ সময় সাগরের তীব্র ঢেউয়ে তাদের কয়েকজন ভেসে যান। পরে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
সৈকতে পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে থাকা জেলা প্রশাসনের বিচকর্মীদের সুপারভাইজার মাহবুব আলম জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাদের সঙ্গে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পাশাপাশি নিখোঁজ পর্যটকদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।
এনএনবাংলা/
