কুমিল্লায় কর্ণফুলী ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লার লাকসামে কর্ণফুলী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এ দুর্ঘটনার পর ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। তবে আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আজগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানার ওসি রাজিব চন্দ্র কর। স্থানীয় বাসিন্দারা জানান, চট্টগ্রাম থেকে যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল কমিউটার ট্রেন কর্ণফুলী। দুপুর সাড়ে ১২টার দিকে লাকসাম জংশনের আগে নাওটি এলাকায় তিনটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে আপলাইন এবং ডাউনলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আপলাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়। তবে ডাউনলাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি।
এনএনবাংলা/এনজেড
