চট্টগ্রামে বাসচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, বাসে আগুন

চট্টগ্রামের সাতকানিয়ায় বাসের চাপায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
শুক্রবার (২৩ অক্টোবর) রাত ৮টার দিকে সাতকানিয়ার নয়াখাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের ভাষ্য, সাতকানিয়ার কেরাণীহাট থেকে চট্টগ্রাম শহরগামী একটি মিনিবাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়াখাল এলাকায় দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেল ও অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী নিহত হন।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ করে বাসটিতে আগুন ধরিয়ে দেন। এতে মহাসড়কটিতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আবসার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে রাত সাড়ে ৯টার দিকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
এনএনবাংলা/
