ইশরাকের অভিযান চালানো সেই মাদক স্পটে পুলিশের ফের অভিযান, গ্রেপ্তার ২৮

রাজধানীর দয়াগঞ্জ রেলক্রসিং সংলগ্ন ঘুন্টিঘর এলাকার আলোচিত মাদক স্পটে বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শুক্রবার (২৩ অক্টোবর) পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।
এর আগে একই মাদক স্পটে অস্ত্র উঁচিয়ে অভিযান চালিয়ে সমালোচনার মুখে পড়েছিলেন সদ্য সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ঘটনাটি ঘিরে দেশজুড়ে আলোচনা-সমালোচনার মধ্যে এবার সেখানে পুলিশের বিশেষ অভিযান চালানো হলো।
শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, দয়াগঞ্জ ঘুন্টিঘর রেলগেট এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শামসুল হক, মো. ইকবাল হোসেন জিহাদ, আরাফাত হোসেন শামীম, মো. আব্দুল্লাহ রাহুল, মোহাম্মদ হোসেন, সাইমুর, ইমন, অভি, মো. রাফিন, জুনায়েদ হোসেন, মো. সাইদ হোসেন, আনোয়ার হোসেন, মো. ইমরান আরাফাত, মো. মারুফ হোসেন, সাহিদুর, মো. উজ্জল, মো. রবিন, মো. মাসুদ, মো. দুলু, ফরিদ বেপারী, মো. জনি, কবির, ইউসুফ, মো. আল রাব্বি, মো. শুভ, মো. শাওন, মো. সেন্টু মিয়া এবং একজন শিশু। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, গত কয়েক দিনে একাধিক অভিযান চালানোর পরও ওই এলাকায় প্রকাশ্যে মাদক বিক্রি ও সেবন চলছিল। এ পরিস্থিতিতে শুক্রবার বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেপ্তার ব্যক্তিদের মাদকসেবী হিসেবে উল্লেখ করেছে পুলিশ।
এর আগে গত শনিবার একই স্পটে অস্ত্র উঁচিয়ে অভিযান চালান তৎকালীন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ওই ঘটনা নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। এর জেরে গত রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাককে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের নির্দেশ দেন। পরদিন সোমবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক হোসেন।
ইশরাকের অভিযানের পর ওই মাদক স্পটে দুই দফায় আরও মাদকবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সেসব অভিযানে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এর ধারাবাহিকতায় শুক্রবারের অভিযানে নতুন করে ২৮ জনকে গ্রেপ্তার করা হলো।
এনএনবাংলা/
