অতিরিক্ত ডিআইজির বাড়িতে ডিবির অভিযানে মাদক উদ্ধার, নারীসহ আটক ৮৪

রাজধানীর ৩০০ ফিট এলাকায় পুলিশের এক অতিরিক্ত ডিআইজির ভাড়া দেওয়া বাসায় অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন। এ সময় আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা ও কুশসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ছাড়া কয়েকটি গাড়িও জব্দ করা হয়েছে।
গত সোমবার রাতে পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১ এলাকায় ওই বাসায় অভিযান চালানো হয়। মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।
তিনি জানান, বাসাটিতে দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টির আয়োজন করা হচ্ছিল। এ তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। বাসাটি পুলিশের ওই কর্মকর্তা ভাড়া দিয়েছেন। তবে তিনি সেখানে বসবাস করেন না।
ডিবি সূত্রে জানা যায়, পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখার অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ঢাকার ৩০০ ফিট এলাকায় পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ একটি প্লট রয়েছে। ওই প্লটে পাঁচটি কক্ষ নির্মাণ করে সেগুলো ‘এয়ারবিএনবি’ ওয়েবসাইটের মাধ্যমে ভাড়া দেওয়ার ব্যবস্থা করা হয়েছিল।
সূত্রের দাবি, অনলাইন প্ল্যাটফর্ম থেকে কক্ষগুলো বুকিং নিয়ে তরুণ-তরুণীসহ বিভিন্ন ব্যক্তি সেখানে ডিজে পার্টির আয়োজন এবং মাদক সেবনসহ নানা কর্মকাণ্ডে জড়িত হতেন। দীর্ঘদিন ধরে এসব কার্যক্রম চলার তথ্য পাওয়ার পরই সেখানে অভিযান চালানো হয়।
অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি ডিজে পার্টির আড়ালে মাদক সেবন ও অন্যান্য অনৈতিক কর্মকাণ্ডের আলামত পাওয়ার কথা জানিয়েছে ডিবি। এ সময় প্লটটির কক্ষগুলো পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামের এক ব্যক্তিসহ মোট ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জন নারী রয়েছেন।
এদিকে, বাসাটিতে মাদকসহ আটকের বিষয়ে জানতে চাইলে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির বলেন, গত সোমবার একটি জন্মদিনের অনুষ্ঠানের জন্য বাসাটি ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়া দেওয়ার সময় কী করা যাবে এবং কী করা যাবে না, সে বিষয়ে নিয়মকানুন জানিয়ে দেওয়া হয়। নিয়ম ভঙ্গ করলে এক লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে।
তিনি আরও বলেন, যারা বাসাটি ভাড়া নিয়েছিলেন, তারা নিয়ম ভঙ্গ করেছেন। এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তিনি।
এনএনবাংলা/
