সাম্প্রতিক
Skip to content

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনেও থাকতে হবে নম্বর প্লেট

ফাইল ছবি

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট লাগানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্ধারিত মাপ ও শর্ত মেনে মোটরসাইকেলের সামনের অংশে ম্যানুয়াল নম্বর প্লেট লাগাতে হবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্প্রতি প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছে বিআরটিএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে মোটরসাইকেলের পেছনে অনুমোদিত আরএফআইডিসহ উন্নতমানের রেট্রো-রিফ্লেকটিভ ধাতব প্লেটে নিবন্ধন নম্বর প্রদর্শনের বিধান রয়েছে। এর পাশাপাশি সামনের অংশেও নিবন্ধন নম্বর প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

নির্দেশনা অনুযায়ী, প্রাথমিকভাবে মোটরসাইকেলের মালিকদের নিজস্ব ব্যবস্থাপনায় সামনের অংশে নম্বর প্লেট তৈরি করে লাগাতে হবে। স্কুটারের ক্ষেত্রে নম্বরপ্লেটের দৈর্ঘ্য ২০০ মিলিমিটার ও প্রস্থ ১০০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বরপ্লেটের দৈর্ঘ্য হবে ২৮৫ মিলিমিটার এবং প্রস্থ ৫০ মিলিমিটার। উভয় ধরনের নম্বরপ্লেটেই অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার হতে হবে।

বিআরটিএর বিজ্ঞপ্তিতে নম্বরপ্লেট তৈরির উপকরণ ও রং সম্পর্কেও নির্দেশনা দেওয়া হয়েছে। নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এতে সাদা পটভূমির ওপর কালো রঙে বাংলা অক্ষর ও সংখ্যা লিখতে হবে। পাশাপাশি নম্বর প্লেটে কোনো ধরনের শোভাবর্ধক উপাদান বা নকশা রাখা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন নম্বর এক অনুভূমিক রেখায় লেখা যাবে। তবে নম্বর প্লেটের নির্ধারিত মাপ ও অন্যান্য শর্ত যথাযথভাবে অনুসরণ করতে হবে।

বিআরটিএ সংশ্লিষ্ট সব মোটরসাইকেলমালিককে আগামী ১৫ নভেম্বরের মধ্যে নির্দেশনা অনুযায়ী সামনের নম্বর প্লেট লাগিয়ে তা দৃশ্যমান রাখার ব্যবস্থা নিতে অনুরোধ জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এ নির্দেশনা পালন না করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এনএনবাংলা/