সাবেক কাউন্সিলরের মৃত্যুতে ডিএসসিসি প্রশাসকের শোক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ৪৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও যাত্রাবাড়ী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব বাদল সরদার আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুস সালাম।
এক শোকবার্তায় ডিএসসিসি প্রশাসক বলেন, বাদল সরদার ছিলেন জাতীয়তাবাদী আন্দোলনের একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। সমাজসেবা এবং এলাকাভিত্তিক উন্নয়ন ও সমাজ সংস্কারে তার অবদান ব্যাপক ও প্রশংসনীয়। জনপ্রতিনিধি হিসেবে তিনি সর্বদা জনগণের সুখে-দুঃখে পাশে ছিলেন। তার প্রয়াণে স্থানীয় রাজনীতি ও সমাজসেবার ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি হলো।
প্রশাসক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
অর্ধদিবস ছুটি
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রচলিত রেওয়াজ ও নিয়ম অনুযায়ী সাবেক কাউন্সিলর আলহাজ্ব বাদল সরদারের মৃত্যুতে সম্মান জানিয়ে বৃহস্পতিবার ডিএসসিসির সকল দপ্তর ও কার্যালয়ে বেলা অর্ধেকের পর (অর্ধদিবস) ছুটি ঘোষণা করেছেন প্রশাসক।
এনএনবাংলা/
