সাম্প্রতিক
Skip to content

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন

ছবি: সংগৃহীত

রাজধানীর মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার একটি বাস গ্যারেজে অগ্নিকাণ্ডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ‘নোঙ্গর’ বাসের প্রায় অর্ধেক পুড়ে গেছে। আগুনে বাসটির ভেতরের আসনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

রবিবার (১৮ অক্টোবর) সকাল আনুমানিক ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ‘নোঙ্গর’ বাসটি নরসিংদী রুটে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত হয়। দুর্গাপূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় বাসটির রং করা ও প্রয়োজনীয় মেরামতের জন্য গতকাল শনিবার মাতুয়াইল মাদ্রাসা বাজার এলাকার ওই গ্যারেজে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, রবিবার সকালে গ্যারেজে থাকা অন্য একটি বাসে পেট্রোলের কারণে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন ছড়িয়ে পড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসটিতে। আগুনের তীব্রতা বাড়তে থাকলে বাসটির প্রায় অর্ধেক অংশ পুড়ে যায়। একই সঙ্গে ভেতরের আসনগুলোও ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভান। অগ্নিকাণ্ডে বাসটির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। এতে নরসিংদী রুটে শিক্ষার্থীদের পরিবহনসেবা সাময়িকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক তারেক বিন আতিক বলেন, ‘আমরা গতকাল সার্ভিসিংয়ের জন্য বাসটি গ্যারেজে পাঠিয়েছিলাম। পূজার ছুটিতে ক্যাম্পাস বন্ধ থাকায় এ সময় মেরামতের কাজ করার পরিকল্পনা ছিল। কিন্তু আজ সকালে বাজারের অন্য একটি বাসে আগুন লাগার পর তা জবির বাসে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তারা আমাকে নিশ্চিত করেছে। আমরা শুনেছি, ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে।’

তিনি আরও বলেন, ‘বাসটির যে ক্ষতি হয়েছে, তা গ্যারেজ কর্তৃপক্ষ বহন করবে বলে তারা আমাকে নিশ্চিত করেছে। আমরা শুনেছি, ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুর্গাপূজার ছুটির মধ্যেই বাসটির মেরামতের কাজ শেষ করা সম্ভব হবে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ ও মেরামতের কাজ সম্পন্ন করতে কত সময় লাগবে, তা এখনো নিশ্চিত নই।

এনএনবাংলা/এফএস