সাম্প্রতিক
Skip to content

আজও হবে মহাসপ্তমীর পূজা

ছবি: সংগৃহীত

অশুভ শক্তিকে শোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। শুক্রবার ছিল মহাষষ্ঠী। এদিন দেবী দুর্গা শক্তি নিয়ে ভক্তদের কাছে পৌঁছান। পঞ্জিকা অনুযায়ী এবার সপ্তমী পড়েছে দুই দিন। পঞ্জিকা মতে, এবার সপ্তমী তিথি শুরু হবে ১৭ অক্টোবর শনিবার বিকাল থেকে এবং তা থাকবে ১৮ অক্টোবর রবিবার বিকাল পর্যন্ত।

হিন্দু শাস্ত্রমতে সূর্যোদয়ের সময় যে তিথি থাকে, সারাদিন সেই তিথি ধরা হয়। তিথির সময়কাল ২৪ ঘণ্টার বেশি হওয়ায় দুই দিনের সূর্যোদয়ই পাচ্ছে সপ্তমী তিথিকে। শাস্ত্র অনুযায়ী, দুই দিন সপ্তমী থাকলেও উৎসবের ক্ষণ গণনায় কোনো প্রভাব পড়বে না। ভক্তরা মহা সপ্তমীর দিনই অঞ্জলি দিতে পারবেন। হিন্দু পঞ্জিকায় তিথির হিসাব চন্দ্রের গতির উপর নির্ভর করে। কোনও কোনও বছর একটি তিথি দুই ক্যালেন্ডার দিনে বিস্তৃত হয়। ফলে ভক্তরা দুই দিনই মহাসপ্তমীর পূজা, অঞ্জলি ও আরাধনা করতে পারবেন।

আজ মহাসপ্তমী। শাস্ত্রমতে মহাসপ্তমীতে ষোড়শ উপাচারে (ষোল উপাদানে) দেবীর পূজা হবে। সকালে ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদান করা হয়। একই সঙ্গে দেবীকে আসন,বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করেন ভক্তরা। এসময় পূজারীরা মায়ের সামনে বসে মায়ের মুখ দর্শন করেন।

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ সব মন্দিরেই ভোর সাড়ে ৬টা থেকে শুরু হয় সপ্তমী পূজার আনুষ্ঠানিকতা। চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা অর্চনা চলে। এছাড়াও দিনব্যাপী চণ্ডী ও মন্ত্রপাঠের মাধ্যমে পূজা, দেবী-দর্শন, দেবীর পায়ে ভক্তদের অঞ্জলি প্রদান, প্রসাদ গ্রহণের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা চলে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজা। দেবী আসার ঘণ্টা বেজে যায় মহালয়ার দিন থেকেই। সনাতন ধর্ম মতে, যা কিছু দুঃখ-কষ্টের বিষয়, যেমন— বাধাবিঘ্ন, ভয়, দুঃখ-শোক, জ্বালা-যন্ত্রণা এসব থেকে ভক্তকে রক্ষা করেন দেবী দুর্গা। শাস্ত্রকাররা দুর্গা নামের অর্থ করেছেন— দুঃখের দ্বারা যাকে লাভ করা যায়, তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন।

বিজয়া দশমী দেবী দুর্গাকে বিদায় জানানোর দিন। এই দিনটি শেষ হয় মহা-আরতির মাধ্যমে। এর মধ্য দিয়ে দুর্গাপূজার সব কার্যক্রম সম্পন্ন হয়।  আগামীকাল সোমবার (১৯ অক্টোবর) অষ্টমী, মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) দশমীর মাধ্যমে বিদায় নেবেন দুর্গা দেবী। এবার দেবী বিদায় নেবেন নৌকায়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, দেবী বিসর্জন বিকাল ৩ টায়। সারাদেশে বিজয়ার শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বুধবার ২১ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এ উৎসব।

এনএনবাংলা/এনজেড