সাম্প্রতিক
Skip to content

ডেঙ্গুতে একদিনে ৫ মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল আরও ৩ শিশুর

ছবি: নিউ নেশন অনলাইন

দেশে ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে শিশুদের মৃত্যু এবং নতুন রোগী শনাক্তের ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও তিন শিশু। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৬৬ জন। অন্যদিকে, হাম ও হামের উপসর্গ মিলিয়ে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫৯ শিশু।

মঙ্গলবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু ও হামবিষয়ক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

ডেঙ্গুতে মৃত্যু ৩৫৭, হাসপাতালে ভর্তি ১ লাখ ১৫ হাজারের বেশি
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে সবচেয়ে বেশি ৪১৫ জন ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে)। এ ছাড়া বরিশাল বিভাগে ১৯১ জন, খুলনা বিভাগে ১৪১ জন, রাজশাহী বিভাগে ১২৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১১৩ জন, চট্টগ্রাম বিভাগে ১০৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১০ জন, ময়মনসিংহ বিভাগে ৮০ জন, রংপুর বিভাগে ৭২ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

নতুন পাঁচজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৩৫৭ জনে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৫ হাজার ৬১৭ জন।

হামের উপসর্গে মৃত্যু ১২০৪ শিশুর
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ২১৭ শিশুর মধ্যে। এ ছাড়া ৪২ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলিয়ে নতুন রোগী পাওয়া গেছে ১ হাজার ২৫৯ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২০৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মারা গেছে ১০৪ শিশু। বাকি ১ হাজার ১০০ শিশুর মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের একজন করে রয়েছে।

হাম ও উপসর্গে আক্রান্ত প্রায় ২ লাখ ৩৯ হাজার শিশু
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২০ অক্টোবর সকাল ৮টা পর্যন্ত দেশে সন্দেহজনক হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ২ লাখ ১৫ হাজার ৭৬৮ শিশু। এ সময়ে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ১৯৯ শিশুর শরীরে। সব মিলিয়ে হামের উপসর্গ ও নিশ্চিত হাম শনাক্ত হওয়া শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৯৬৭।

এ সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৬১ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ১ লাখ ৮৪ হাজার ১৬৮ শিশু।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গের নতুন রোগী সবচেয়ে বেশি পাওয়া গেছে ঢাকা বিভাগে। এ বিভাগে নতুন করে ৪৯৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। পাশাপাশি ৩৪ শিশুর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।

এনএনবাংলা/