হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, ডেঙ্গু প্রাণ গেল ৪ জনের

দেশে হাম ও ডেঙ্গুর সংক্রমণে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন চারজন। এ ছাড়া নতুন করে হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১০ জন শনাক্ত হয়েছেন। অন্যদিকে, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ১৮১ জন।
শুক্রবার (১৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন, চট্টগ্রাম বিভাগে দুজন, ময়মনসিংহ বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৮৬ জনে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৮২ জনের মৃত্যু হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৬৪ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে। এতে দেশে সন্দেহভাজন সংক্রমণের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১১ হাজার ৪০ জনে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন আরও ৪৬ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৯৭২ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৬১৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮০ হাজার ২ জন।
এদিকে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত সময়ে তাদের মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে।
ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ১৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৪৪০ জনে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ২ হাজার ২১০ জন।
এনএনবাংলা/
