ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি

দেশে ডেঙ্গুর প্রকোপের মধ্যে হাম ও হামের উপসর্গেও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও তিন শিশু।
রোববার (৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক ডেঙ্গু ও হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২ হাজার ৮৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে তিনজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। নতুন মৃত্যুর ফলে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬২ জনে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩০০ জন। এর মধ্যে সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ২১৮ জন এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮২ জন। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০২ জন এবং সন্দেহজনক হামে ১ হাজার ২৩ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৭৪৮ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৬ হাজার ৪১৮ জন।
হামে আক্রান্ত হয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৭৪ হাজার ১৪৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৬৬ হাজার ৯০৮ জন।
ডেঙ্গুতে নতুন করে রোগী ও মৃত্যুর সংখ্যা বাড়ায় দেশের বিভিন্ন হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। একই সঙ্গে হাম ও হামের উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর ঘটনাও অব্যাহত থাকায় জনস্বাস্থ্য পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
এনএনবাংলা/
