ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

দেশে ডেঙ্গুর প্রকোপ দিনকে দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৪৫ জনে।
বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ছয়জনের মৃত্যু যেসব এলাকায়
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বরিশাল বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন, চট্টগ্রাম বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন, খুলনা বিভাগে সিটি করপোরেশনের বাইরে দুজন এবং রংপুর বিভাগে সিটি করপোরেশনের বাইরে একজন মারা গেছেন।
চট্টগ্রামে সর্বোচ্চ রোগী ভর্তি
গত একদিনে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম বিভাগে। এ বিভাগে নতুন করে ৩৪৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩২০ জন, খুলনা বিভাগে ২৪৮, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ২১০, রাজশাহী বিভাগে ২১১, বরিশাল বিভাগে ২১২, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯, ময়মনসিংহ বিভাগে ১০২, রংপুর বিভাগে ৯৯ এবং সিলেট বিভাগে ১৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ঢাকায় ১১৪ জনের মৃত্যু
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে বুধবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ২৪৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দুই সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগেই মারা গেছেন ১১৪ জন।
এ ছাড়া খুলনা বিভাগে ৪৭ জন, চট্টগ্রাম বিভাগে ২৪, ময়মনসিংহ বিভাগে ২০, বরিশাল বিভাগে ১৯, রাজশাহী বিভাগে ১৪, রংপুর বিভাগে ছয় এবং সিলেট বিভাগে একজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
এনএনবাংলা/
