ডেঙ্গুতে সাতদিনে ৩৩ মৃত্যু

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু দুটোই বাড়ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে গত এক সপ্তাহে ডেঙ্গুতে ৩৩ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে এ পর্যন্ত মোট ১৭৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। আর সেপ্টেম্বরের প্রথম ১৫ দিনেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৭৯ জনের। এছাড়া জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।
বুলেটিনে বলা হয়েছে, বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ হাজার ৪৮৪ জন ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ হাজার ৪০০ জনে।
একই সময়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৩ জন। এ পর্যন্ত মোট ৫৪ হাজার ৯২ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে ৬২৪ জন। এছাড়া খুলনা বিভাগে ২৫২ জন, বরিশালে ২২১ জন, চট্টগ্রামে ১৯২ জন, ময়মনসিংহে ৬৪ জন, রংপুরে ৩৫ জন, সিলেটে ৪ জন এবং রাজশাহীতে ১০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এনএনবাংলা/
