ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হামের উপসর্গ কেড়ে নিল ৭ শিশুর প্রাণ

দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে মারা গেছেন ছয়জন। এ সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩১৫ জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১ হাজার ৮৮৬ জন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম ও ডেঙ্গুবিষয়ক পৃথক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৪৪ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে চারজন এবং চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন।
এ সময়ে নতুন করে ১ হাজার ২৫১ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে এবং ৬৪ জনের হাম শনাক্ত হয়েছে। সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ২৬ হাজার ৩৫৭ জনে। এ সময় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৩ হাজার ৬৯৫ জনের।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এ পর্যন্ত হাম সন্দেহে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১ হাজার ৪৬৮ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৩ হাজার ৩০১ জন।
এদিকে, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৮৬ জন। এর মধ্যে ঢাকা মহানগরের সরকারি হাসপাতালে ২৯২ জন এবং বেসরকারি হাসপাতালে ৪৭ জন ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৬৬ জন, ময়মনসিংহে ৮৯, চট্টগ্রামে ২৭২, খুলনায় ২৬৪, রাজশাহীতে ১৮৮, রংপুরে ৭৮ এবং বরিশাল বিভাগে ২২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪১৫ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২১ হাজার ১০৫ জনে। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬ হাজার ২৫১ জন।
এনএনবাংলা/
