বারিধারায় নির্মাণ শ্রমিকের মৃত্যু: ১৭ বছরের সেই কিশোর পেল জামিন

রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিমের মৃত্যুর ঘটনায় করা মামলায় ১৭ বছর বয়সি সেই কিশোরকে জামিন দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার শিশু আদালত-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির শুনানি শেষে ২ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শরীফ উদ্দিন মামুন জানান, কিশোর উন্নয়ন কেন্দ্রে ওই কিশোর গুরুতর অসুস্থ হয়ে পড়েছে জানিয়ে জামিন আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হলেও উভয়পক্ষের বক্তব্য শুনে আদালত জামিনের আদেশ দেন।
এর আগে গত ৪ ও ১৪ অক্টোবর একই আদালত ওই কিশোরের জামিন আবেদন নামঞ্জুর করেন। এবার তার পক্ষে জামিন শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি খোরশেদ মিয়া আলম।
গত ২২ সেপ্টেম্বর বিকেলে বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের ১ নম্বর সড়কের ফুটপাতে বসে বিশ্রাম নিচ্ছিলেন ২৪ বছর বয়সি নির্মাণ শ্রমিক মেহেদী হাসান মিম। এ সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে উপস্থিত লোকজন গাড়ির চালকের আসনে থাকা এক কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। তবে জিজ্ঞাসাবাদ শেষে ওই রাতেই তাকে চাচার জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মেহেদীর মৃত্যুর ঘটনায় ২৩ সেপ্টেম্বর তার ভাই মোক্তাদীর ইসলাম গুলশান থানায় মামলা করেন। মামলায় গাড়িচালক আকাশ মারককে আসামি করা হলেও চালকের আসনে থাকা ওই কিশোরের নাম ছিল না। এ নিয়ে সমালোচনার পর একই দিন ওই কিশোরকে হেফাজতে নেয় গুলশান থানা পুলিশ।
পরে তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক (এসআই) আরেফীন ইসলাম তাকে আদালতে হাজির করে কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন। আদালত ওই কিশোরকে গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।
এর আগে কিশোরের আইনজীবী আলমগীর হোসেন সাংবাদিকদের জানিয়েছিলেন, মামলাটি ৯ লাখ টাকায় আপস হয়েছে বলে দাবি করা হয়েছে।
এনএনবাংলা/
