মাদক সংশ্লিষ্টতায় দুই মাসে ২৭ পুলিশ সদস্য কারাগারে: আইজিপি

পুলিশ বাহিনীর সদস্যদের মধ্যে মাদক সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জনকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে জনবল সংকট কাটাতে প্রতি বছর অন্তত ১৫ হাজার পুলিশ সদস্য নিয়োগ এবং যানবাহনের সংকট দূর করতে প্রায় ৫ হাজার ৮০০ গাড়ি কেনার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট জেলা পুলিশ লাইনস মিলনায়তনে কমিউনিটি পুলিশিং সমাবেশ ও প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, পুলিশ বাহিনীকে শক্তিশালী করতে হলে আগে নিজেদের ভেতরের অনিয়ম দূর করতে হবে। বাহিনীকে দুর্বল করার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভালো কাজ করলে পুলিশ সদস্যদের চাকরি হারানোর ভয় থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মাদক, কিশোর গ্যাং, দুর্নীতি ও বিভিন্ন অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান আইজিপি। তিনি বলেন, অপরাধ দমনে কমিউনিটি পুলিশিং আরও কার্যকর করা হবে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) নিয়ে কমিটি গঠন করা হয়েছে। এ কার্যক্রম ইউনিয়ন পর্যায়েও বিস্তৃত করা হবে।
স্থানীয় মানুষের কাছে অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য থাকে উল্লেখ করে তিনি পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও মিথ্যা তথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা সম্পর্কেও সতর্ক করেন তিনি।
আইজিপি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি। মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতি বাস্তবায়ন, তরুণদের পুনর্বাসন এবং বেকারত্ব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর ইসলাম। এতে খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম, জেলা প্রশাসক গোলাম মো. বাতেনসহ সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এনএনবাংলা/
