সাম্প্রতিক
Skip to content

জুলাই আন্দোলনে হত্যাচেষ্টা, দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

২০২৪ সালের জুলাই আন্দোলনে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২১ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে দিলীপ আগরওয়ালাকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) সুমন মিয়া। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উত্তরা পশ্চিম থানা আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক হেলাল উদ্দিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দিলীপ কুমার আগরওয়ালা কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির সদস্য। গত সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এর পরদিন মঙ্গলবার (২০ অক্টোবর) গুলশান থানায় মানিলন্ডারিং আইনে করা একটি মামলায় তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।

আদালত সূত্রে জানা যায়, আ. জব্বার (২১) নামে এক যুবককে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় দিলীপ আগরওয়ালাকে আসামি করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের শেষ দিন ৫ আগস্ট দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন জব্বার।

গুলিবিদ্ধ হওয়ার পর ২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সুস্থ হওয়ার পর ২০২৫ সালের ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা করেন জব্বার। ওই মামলার এজাহারে দিলীপ কুমার আগরওয়ালাকে ৩১ নম্বর আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।

এনএনবাংলা/