সাবেক ২ সেনা কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) সাবেক দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরাকে গ্রেপ্তার করেছে। সন্ত্রাসবিরোধী আইন, সাইবার সুরক্ষা আইন এবং পেনাল কোডের ১২৪(ক) ধারায় করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ডিবি পুলিশের এক পরিদর্শক বাদী হয়ে পল্লবী থানায় মামলা করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তা ও তাঁদের সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারবিরোধী প্রচারণা, তহবিল সংগ্রহ এবং সহিংসতায় উসকানিমূলক ডিজিটাল কনটেন্ট তৈরি ও প্রচারের অভিযোগ রয়েছে। এ ছাড়া ‘ইউনিটি কেয়ার পাবলিক পার্লামেন্ট’ নামের একটি প্ল্যাটফর্মের মাধ্যমে সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং পলাতক শীর্ষ নেতৃত্বের সঙ্গে যোগাযোগ রেখে আওয়ামী লীগকে পুনর্বাসন ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে তাঁদের বিরুদ্ধে।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, ‘কালআজকাল ডটকম’ নামের একটি পেজ ব্যবহার করে সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে বিভিন্ন কনটেন্ট তৈরির চেষ্টা করা হচ্ছিল। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমকে কাজে লাগিয়ে রাষ্ট্রবিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও প্রচারের অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।
পুলিশের করা মামলায় বলা হয়েছে, নিষিদ্ধঘোষিত সংগঠনের কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে অবৈধ অর্থায়ন এবং সন্ত্রাসবিরোধী আইন ও সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর বিভিন্ন ধারায় অপরাধে জড়িত ছিলেন তাঁরা। এজাহার অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সহযোগীদের নিয়ে সরকার ও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং কুৎসামূলক প্রচারণা চালিয়ে আসছিলেন দুই সাবেক সেনা কর্মকর্তা।
এ ছাড়া লেফটেন্যান্ট (অব.) কাজী গুলশান আরার বিরুদ্ধে ২০১৮ সালের ২৭ নভেম্বর নির্বাচনের আগে দেড় শতাধিক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তার সঙ্গে গণভবনে গিয়ে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি প্রকাশ্যে একাত্মতা ও আনুগত্য প্রকাশের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি ‘বঙ্গবন্ধু সেনা পরিষদ’ নামে একটি কমিটি গঠন এবং ওই সংগঠনের মাধ্যমে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে বিদ্বেষ ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও রয়েছে মামলার এজাহারে।
ডিবি পুলিশের তথ্যমতে, রোববার দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। রাত আড়াইটার দিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের পল্লবী জোনাল টিমের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
তবে মামলায় আনা এসব অভিযোগের বিষয়ে গ্রেপ্তার দুই সাবেক সেনা কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/
