সাম্প্রতিক
Skip to content

বিশ্বজিৎ দাস হত্যা মামলা: আপিল শুনানি ৮ ডিসেম্বর

ছবিঃ সংগৃহীত

বহুল আলোচিত দর্জি দোকানি বিশ্বজিৎ দাস হত্যা মামলায় হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আগামী ৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আজ সোমবার (১৯ অক্টোবর) আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক শুনানির এই দিন ধার্য করেন। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ২০১৩ সালের ১৮ ডিসেম্বর ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এবিএম নিজামুল হক এই মামলায় ৮ জনকে মৃত্যুদণ্ড ও ১৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন। পরবর্তীতে ২০১৭ সালের ৩১ অক্টোবর হাইকোর্ট বিভাগ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায় প্রদান করেন। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের চূড়ান্ত রায়ে দুইজনের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। বাকি ছয়জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির মধ্যে চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন এবং অপর দুইজনকে খালাস দেওয়া হয়।

এছাড়া নিম্ন আদালতে যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ১৩ আসামির মধ্যে যে দুজন আপিল করেছিলেন, তারা হাইকোর্টে খালাস পান। বাকি ১১ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়। সাজাপ্রাপ্ত প্রত্যেককে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ১৮ দলের অবরোধ কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রলীগ ক্যাডারদের নৃশংস হামলার শিকার হন দর্জি দোকানি বিশ্বজিৎ দাস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বিশ্বজিতের গ্রামের বাড়ি শরীয়তপুরে এবং পুরান ঢাকার শাখারীবাজারে তার একটি দর্জি দোকান ছিল।

নৃশংস এই হত্যাকাণ্ডের পর ২০১৩ সালের ৫ মার্চ ছাত্রলীগের ২১ কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযুক্ত ২১ আসামির মধ্যে ৮ জন বর্তমানে কারাগারে থাকলেও বাকিরা এখনো পলাতক রয়েছেন।

এনএনবাংলা/ইএস