সাম্প্রতিক
Skip to content

প্রতিমন্ত্রীর পদ ছাড়লেন ইশরাক হোসেন

ছবিঃ সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে গিয়ে নিজের ব্যক্তিগত অস্ত্র প্রদর্শনের ঘটনার দু’দিনের মাথায় পদত্যাগ করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন। ঢাকা-৬ আসনের এই সংসদ সদস্য আজ সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকে আনুষ্ঠানিকভাবে এই পদত্যাগের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক হোসেন বলেন, “আমি ঢাকা-৬ আসনের জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত বিএনপির একজন সংসদ সদস্য। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেন। আমি নিষ্ঠার সাথেই সেই দায়িত্ব পালন করে আসছিলাম।”

তিনি আরও বলেন, “গত দু’দিন ধরে দেশ-বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আমাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হচ্ছে, মূলত সে বিষয়ে স্পষ্ট বক্তব্য দিতেই আজকের এই সংবাদ সম্মেলন। আমি আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করে স্বেচ্ছায় পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছি এবং তিনি আমার অব্যাহতিপত্র গ্রহণ করেছেন।” পদত্যাগের কারণ হিসেবে ইশরাক উল্লেখ করেন, তিনি চান না তার কোনো ব্যক্তিগত কর্মকাণ্ডের জন্য সরকার বা প্রধানমন্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন হোক। তবে প্রতিমন্ত্রীর পদ ছাড়লেও তার মাদকবিরোধী ব্যক্তিগত অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাফ জানিয়ে দেন।

এর আগে, আজ সোমবার সকালেই ইশরাক হোসেন তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে দুপুরে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করার আভাস দিয়েছিলেন। যদিও এর আগের দিন রবিবার রাতে তার পদত্যাগের গুঞ্জন ছড়িয়ে পড়লে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তা এক বিজ্ঞপ্তিতে সেটিকে ‘অসত্য ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য, গত শনিবার রাজধানীর গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে গিয়ে তীব্র বিতর্কের জন্ম দেন এই প্রতিমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে সমালোচনার ঝড় উঠলে, রবিবারই প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

এনএনবাংলা/ইএস