বাড়িতে ডিজে পার্টি, মা’দক উদ্ধার: অতিরিক্ত ডিআইজি জহিরকে ওএসডি

রাজধানীর ৩০০ ফিট এলাকায় অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাসা থেকে বিভিন্ন ধরনের মাদক উদ্ধারের ঘটনায় তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ওই বাসায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করা হয়।
মঙ্গলবার (২০ অক্টোবর) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সই করা এক অফিস আদেশে আবদুল্লাহ আল জহিরকে পুলিশ সদরদপ্তরের সদরদপ্তর শাখায় সংযুক্ত করা হয়। আদেশে বলা হয়েছে, এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।
আবদুল্লাহ আল জহির পুলিশ সদরদপ্তরের রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স শাখায় অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি) হিসেবে কর্মরত ছিলেন।
এর আগে গত সোমবার রাতে রাজধানীর ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ তার ভাড়া দেওয়া বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে আইস, সিসা, ইয়াবা, মদ, গাঁজা ও কুশসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়। এ সময় কয়েকটি গাড়িও জব্দ করা হয়।
মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ওই বাসায় দীর্ঘদিন ধরে মাদক সেবন ও অবৈধ ডিজে পার্টি চলছিল। এ কারণে সেখানে অভিযান চালানো হয়েছে। বাসাটি ওই পুলিশ কর্মকর্তা ভাড়া দিয়েছিলেন, তবে তিনি সেখানে থাকেন না।
ডিবি সূত্রে জানা যায়, ৩০০ ফিট এলাকার পুলিশ অফিসার্স হাউজিং সোসাইটি-১-এ আবদুল্লাহ আল জহিরের একটি প্লট রয়েছে। সেখানে পাঁচটি কক্ষ নির্মাণ করে অনলাইন আবাসন ভাড়া দেওয়ার ওয়েবসাইট এয়ারবিএনবিতে তালিকাভুক্ত করা হয়েছিল। সেখান থেকে বুকিং নিয়ে তরুণ-তরুণীসহ বিভিন্ন ব্যক্তি কক্ষগুলো ভাড়া নিতেন। এসব কক্ষে ডিজে পার্টির আয়োজন, মাদক সেবনসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড চলার তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
অভিযানে কক্ষগুলো পরিচালনার দায়িত্বে থাকা মাহবুব নামের এক ব্যক্তিসহ ৮৪ জনকে আটক করা হয়। তাদের মধ্যে ২৬ জন নারী। এ ছাড়া মাদকদ্রব্য ও ডিজে পার্টির আড়ালে মাদক সেবনের আলামত উদ্ধার করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।
এদিকে, বাসাটিতে মাদকসহ লোকজন আটকের বিষয়ে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির বলেন, গত সোমবার একটি জন্মদিনের অনুষ্ঠানের জন্য বাসাটি ভাড়া দেওয়া হয়েছিল। ভাড়া নেওয়া ব্যক্তিদের কী করা যাবে আর কী করা যাবে না, সে বিষয়ে নিয়ম জানিয়ে দেওয়া হয়। নিয়ম ভঙ্গ করলে এক লাখ টাকা জরিমানার বিধানও রয়েছে।
তিনি আরও বলেন, যারা বাসাটি ভাড়া নিয়েছিলেন, তারাই নিয়ম ভঙ্গ করেছেন। এ ঘটনায় তাদের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি।
এনএনবাংলা/
