মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী, কে এই এলিজা জামান
রাড্ডা হাসপাতাল দখল কাণ্ডে বিএনপির সংরক্ষিত নারী আসন থেকে পদত্যাগ করা ফেরদৌসী আহমেদ মিষ্টির শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির এলিজা জামান। সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তা মো. মঈন উদ্দীন খান এ তথ্য জানান।
তিনি বলেন, মনোনয়নপত্র জমার নির্ধারিত দিনে এলিজা জামান মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। সেই সঙ্গে তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ২০০৩ সালে জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ওই বছরই শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন তিনি। এর পরের বছর সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মাদার তেরেসা স্বর্ণপদকে ভূষিত করা হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এলিজা জামান। সংরক্ষিত আসনে তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি ১ অক্টোবর পদত্যাগ করেন।
ঘোষিত তপশিল অনুযায়ী, ২৭ অক্টোবর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করার সুযোগ থাকবে, যা নিষ্পত্তি হবে ২৯ অক্টোবর। এ ছাড়া আগামী ১ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। পরে সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ১২ নভেম্বর।
এনএনবাংলা/এনজেড
