সাম্প্রতিক
Skip to content

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ৭

উন্নত জীবনের আশায় দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমানো বাংলাদেশি প্রবাসী মো. রুবেল (৩৯) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। একই দিন দেশটির অন্য একটি এলাকায় ট্রাক ও মিনিবাস ট্যাক্সির সংঘর্ষে প্রাণ গেছে ছয় নারীর।

শনিবার (২৪ অক্টোবর) দেশটির নর্দার্ন কেপ ও পূর্ব কেপ প্রদেশে সংঘটিত পৃথক দুটি দুর্ঘটনায় এই প্রাণহানির ঘটনা ঘটে, যা প্রবাসী পরিবার ও স্বজনদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালে জীবিকার সন্ধানে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান রুবেল। সেখানে তিনি তার ফুফাতো ভাইয়ের দোকানে চাকরি করতেন। শনিবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে দোকানের মালামাল কিনে ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। তার সঙ্গে গাড়িতে থাকা অপর এক বাংলাদেশি প্রবাসী আহত হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।

নিহত রুবেল নোয়াখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের চুন বেপারী বাড়ির মৃত শাহ আলমের বড় ছেলে। দেশে রুবেলের স্ত্রী, দুই সন্তান ও বৃদ্ধ মা রয়েছেন। স্বজনেরা রুবেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারি সহযোগিতা কামনা করেছেন।

অন্যদিকে, শনিবার সকালে দক্ষিণ আফ্রিকার পূর্ব কেপ প্রদেশের অ্যাবারডিন শহরের বাইরে আর-৬১ সড়কে একটি যাত্রীবাহী মিনিবাস ট্যাক্সি ও বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে পরবর্তীতে এর সঙ্গে আরও দুটি গাড়ি দুর্ঘটনায় জড়িয়ে পড়ে। এই মর্মান্তিক বহুযান সংঘর্ষে ঘটনাস্থলেই ছয় নারীর প্রাণহানি ঘটে এবং আরও অন্তত ছয়জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

পূর্ব কেপ প্রদেশের পরিবহণ বিভাগের মুখপাত্র উনাথি বিনকোসে গণমাধ্যমকে জানান, ১৬ জন যাত্রী নিয়ে মিনিবাসটি বিউফোর্ট ওয়েস্ট থেকে পূর্ব কেপের দিকে যাচ্ছিল। প্রাথমিক ধারণা করা হচ্ছে, চালকের অতিরিক্ত ক্লান্তি বা তন্দ্রাচ্ছন্নতা এই দুর্ঘটনার অন্যতম কারণ হতে পারে। পুরো ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে প্রশাসনের পক্ষ থেকে নিবিড় তদন্ত শুরু হয়েছে এবং ইতিমধ্যে অনিচ্ছাকৃত হত্যাকাণ্ডের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

এনএনবাংলা/এফএস