গুলশানের কিংফিশার রেস্টুরেন্টে অভিযান, বিপুল পরিমাণ মদ জব্দ
রাজধানীর গুলশানে কিংফিশার রেস্টুরেন্টে অভিযান চালিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চারটি গোয়েন্দা সংস্থার সমন্বিত দল বৈধ কাগজপত্র না থাকা বিপুল পরিমাণ অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয় জব্দ করেছে।
গতকাল রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গুলশানের প্লট-৩৩, রোড-৪৫-এ অবস্থিত কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ অভিযানে অবৈধ উৎস থেকে সংগ্রহ করা অ্যালকোহল মজুত ও বিক্রির মাধ্যমে শুল্ক-কর ফাঁকি দেওয়া হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) এনবিআরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৫ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২টায় গুলশানের ৪৫ নম্বর সড়কের ৩৩ নম্বর প্লটে অবস্থিত কিংফিশার রেস্টুরেন্ট লিমিটেডে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। প্রায় তিন ঘণ্টা ধরে এ অভিযান চলে।
অভিযানের মূল উদ্দেশ্য ছিল অবৈধ উৎস ও চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করা অ্যালকোহল ও অ্যালকোহলজাতীয় পানীয়ের মজুদ শনাক্ত করা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে এসব পণ্য বিক্রির ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর (ভ্যাট) ফাঁকি দেওয়া হচ্ছে কি না, বিক্রির অর্থ আয়কর নথিতে যথাযথভাবে দেখানো হয়েছে কি না এবং সংশ্লিষ্ট লেনদেনে মানি লন্ডারিংয়ের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হয়।
এনবিআরের নির্দেশনায় এবং কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সার্বিক তত্ত্বাবধানে চারটি গোয়েন্দা সংস্থার সমন্বয়ে গঠিত বিশেষ দল অভিযানে অংশ নেয়। সংস্থাগুলো হলো- সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদফতর (ভিএআইআইডি)।
এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপের বিষয়ে পরে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে এনবিআর।
এনএনবাংলা/এফএস
