পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা ও নাগরিক সুবিধায় ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

আসন্ন শুষ্ক মৌসুমে অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলা, অগ্নিনিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য দুর্ঘটনা প্রতিরোধে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার রাজধানীর চকবাজার মৌলভীবাজার ব্যবসায়ী সমিতিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম পুরান ঢাকার অগ্নিকাণ্ডের ঝুঁকি কমানো, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং ঐতিহ্যবাহী ব্যবসায়িক পরিবেশ ফিরিয়ে আনতে ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
ডিএসসিসি প্রশাসক বলেন, পুরান ঢাকা একটি ঘনবসতিপূর্ণ ও গুরুত্বপূর্ণ ব্যবসায়িক অঞ্চল। অতীতে কেমিক্যালের কারণে এখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তাই প্রতিটি মার্কেট ও বাণিজ্যিক ভবনে অগ্নিনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দুর্ঘটনার সময় ফায়ার সার্ভিসের দ্রুত প্রবেশের পথ উন্মুক্ত রাখা জরুরি।
তিনি আরও উল্লেখ করেন, পুরান ঢাকার অনেক সড়ক দোকানপাট ও অবৈধ দখলের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার সময় উদ্ধারকাজে বাধা সৃষ্টি হচ্ছে। এ পরিস্থিতির উন্নয়নে প্রশাসন, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
পুরান ঢাকার অবকাঠামোগত ও নাগরিক সমস্যার কথা তুলে ধরে প্রশাসক বলেন, ড্রেনেজ ব্যবস্থা, পানি নিষ্কাশন এবং সড়কের সমস্যা নিরসনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। সড়কবাতি সচল রাখা ও পরিচ্ছন্নতা জোরদার করে পুরান ঢাকার পরিবেশ উন্নত করতে সিটি কর্পোরেশন বদ্ধপরিকর।
তিনি জানান, এলাকার সামগ্রিক উন্নয়নে গৃহীত পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথেও আলোচনা হয়েছে।
মৌলভীবাজার, চকবাজার, সোয়ারীঘাট ও সদরঘাটের ব্যবসায়িক ঐতিহ্য পুনর্বহালের ওপর গুরুত্ব দিয়ে তিনি ব্যবসায়ীদের উদ্দেশে বলেন, শুধু সমস্যার কথা না বলে সমাধানের পরামর্শও দিন। আপনাদের সুচিন্তিত মতামতকে প্রাধান্য দিয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করব।
এছাড়া নির্বাচিত কাউন্সিলর না থাকায় নগরের সামাজিক ও নাগরিক সমস্যা সমাধানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ‘পঞ্চায়েত ব্যবস্থা’ ফিরিয়ে আনার ওপর তিনি জোর দেন।
সভায় ব্যবসায়ীদের নিজ নিজ প্রতিষ্ঠানে অগ্নিনিরাপত্তা বিধিমালা মেনে চলা, সরঞ্জাম সচল রাখা, বিদ্যুৎ ও গ্যাসলাইন নিয়মিত পরীক্ষা করা এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার অনুরোধ জানানো হয়।
অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন
এনএনবাংলা/
