সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: মন্ত্রণালয়ের কাছে বিস্তারিত তথ্য চাইল সংসদীয় কমিটি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় বিস্তারিত তথ্য চেয়েছে জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে এ ধরনের ঘটনা প্রতিরোধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের কোনো গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরী।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে কমিটির সদস্য এ বি এম মোশাররফ হোসেন, এস কে আজিজুল বারী, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী ও সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। এ ছাড়া বিশেষ আমন্ত্রণে বৈঠকে অংশ নেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বৈঠকে সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে মন্ত্রণালয়ের কাছে জানতে চায় কমিটি। জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ঘটনায় সৌদি কর্তৃপক্ষের কাছে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে।
কমিটি সুপারিশ করেছে, সৌদি কর্তৃপক্ষের কাছ থেকে তথ্য পাওয়ার পর পুরো ঘটনার বিবরণ সংসদীয় কমিটিকে জানাতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, তা-ও তুলে ধরতে হবে। সংশ্লিষ্ট কনস্যুলার কর্মকর্তাদের দায়িত্ব পালনে কোনো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটিও কমিটিকে অবহিত করতে বলা হয়েছে।
বৈঠকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোর কার্যক্রম ও জনবল নিয়েও আলোচনা হয়। দেশটিতে বাংলাদেশি নাগরিকদের কনস্যুলার সেবার মান বাড়াতে মন্ত্রণালয়ের বিস্তারিত আধুনিকায়ন পরিকল্পনা কমিটির কাছে উপস্থাপনের সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া সৌদি আরবসহ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে কর্মরত নারী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করেছে কমিটি।
যে ঘটনায় এই উদ্যোগ
সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজে’ লিপ্ত হওয়ার অভিযোগে গত ১৪ অক্টোবর দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁদের শিরশ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের খবর প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
প্রতিবেদন অনুযায়ী, মৃত্যুদণ্ড কার্যকরের আগে সৌদি কর্তৃপক্ষের পক্ষ থেকে বাংলাদেশকে এ বিষয়ে জানানো হয়নি। পরে সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হলে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট সৌদি কর্তৃপক্ষকে চিঠি দিয়ে দুই বাংলাদেশির বিষয়ে বিস্তারিত তথ্য জানতে চায়।
ঘটনাটির পূর্ণ বিবরণ, মৃত্যুদণ্ড কার্যকরের আগে বাংলাদেশকে অবহিত না করার কারণ এবং ভবিষ্যতে এমন পরিস্থিতি মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হবে—এসব বিষয় এখন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
এনএনবাংলা/
