আকাশে খুলে গেল এয়ার অ্যাম্বুলেন্সের দরজা, ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু

ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে দরজা খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে একটি এয়ার অ্যাম্বুলেন্স। পরে উড়োজাহাজে থাকা অসুস্থ নারীকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সিনিয়র অফিসার মো. রিয়াজ উদ্দিন।
এয়ার অ্যাম্বুলেন্সটির যাত্রীতালিকা অনুযায়ী, মৃত নারীর নাম অঞ্জনা ভৌমিক। তিনি ভারতের নাগরিক। তার সঙ্গে উড়োজাহাজে ছিলেন চিকিৎসক ডা. ফিরোজ খান, প্যারামেডিক আজিম খান এবং দুই সঙ্গী সান্তা ভৌমিক ও দীপ জ্যোতি মিশ্র। যাত্রীতালিকায় তাদের সবার জাতীয়তা ভারতীয় হিসেবে উল্লেখ করা হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, এসকেবি ইনফ্রাকন প্রাইভেট লিমিটেড (SKB INFRACON PVT LTD) পরিচালিত এয়ার অ্যাম্বুলেন্সটির মডেল সি৯০এ (C90A)। উড়োজাহাজটির নিবন্ধন নম্বর ভিটি-এইচওয়াইএ (VT-HYA)। এটি ভারতের আগরতলা থেকে কলকাতার উদ্দেশে যাত্রা করেছিল।
উড়োজাহাজটির পাইলট ইন কমান্ড ছিলেন ক্যাপ্টেন পুণ্য অনুপ এবং সহকারী পাইলট ক্যাপ্টেন তনুজ শর্মা। দুই পাইলটসহ উড়োজাহাজটিতে মোট সাতজন ছিলেন।
মাঝ আকাশে দরজা খুলে যাওয়ার পর উড়োজাহাজটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে। অবতরণের পর অসুস্থ নারীকে দ্রুত উড়োজাহাজ থেকে নামিয়ে হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
কী কারণে উড়োজাহাজটির দরজা মাঝ আকাশে খুলে গিয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। একই সঙ্গে অঞ্জনা ভৌমিকের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ সম্পর্কেও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
এনএনবাংলা/
