সাম্প্রতিক
Skip to content

নজিরবিহীন ঘটনা

প্রধানমন্ত্রীর জাপান সফরে টোকিও থাকবেন না রাষ্ট্রদূত, ফেরানো হলো ঢাকায়

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরের আগে টোকিওতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে। তার পরিবর্তে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও কূটনৈতিক সমন্বয়ের দায়িত্ব পালনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (দ্বিপক্ষীয় বিষয়াবলি) মো. নজরুল ইসলামকে টোকিও পাঠানো হয়েছে। তবে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত ১৫ অক্টোবর চিঠি দিয়ে রাষ্ট্রদূত দাউদ আলীকে ঢাকায় ফিরতে নির্দেশ দেওয়া হয়। দুই দিনের মধ্যে দেশে ফেরার নির্দেশনা অনুযায়ী তিনি ঢাকায় আসেন। প্রায় এক সপ্তাহ ধরে তিনি রাজধানীতে অবস্থান করছেন।

এদিকে, গত বুধবার টোকিও পৌঁছেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তার জাপানে থাকার কথা রয়েছে। সফরের প্রস্তুতি তদারকির পাশাপাশি জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় যোগাযোগ এবং কূটনৈতিক সমন্বয়ের দায়িত্বও পালন করবেন তিনি।

প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বিদেশ সফরের আগে সংশ্লিষ্ট দেশে নিযুক্ত রাষ্ট্রদূতকে সরিয়ে রেখে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন সচিবকে দায়িত্ব দেওয়ার ঘটনা বিরল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো। তাদের ভাষ্য, গত কয়েক দশকে এ ধরনের নজির পাওয়া যায়নি। তবে কী কারণে দাউদ আলীকে ঢাকায় ফিরিয়ে আনা হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়গুলো গুরুত্ব পেতে পারে। পাশাপাশি দুই দেশের কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করার বিষয়েও আলোচনা হওয়ার প্রত্যাশা রয়েছে।

রাষ্ট্রদূত দাউদ আলী ও সচিব নজরুল ইসলাম দুজনই ১৫তম বিসিএসের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা। জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে দাউদ আলী রোমানিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। আগামী ৭ ডিসেম্বর তার অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার কথা রয়েছে।

এনএনবাংলা/