সাম্প্রতিক
Skip to content

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালা গ্রেপ্তার

ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগারওয়ালা গ্রেপ্তার। ফাইল ছবি (ছবিটি ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরের)

সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে করা সিআইডির একটি মামলায় স্বর্ণ ব্যবসায়ী ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দিলীপ আগারওয়ালার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবিপ্রধান শরিফুল ইসলাম। তিনি জানান, সিআইডিতে দিলীপ আগারওয়ালার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। ওই মামলার সূত্র ধরে সিআইডির অনুরোধে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

ডিবিপ্রধান আরও জানান, সোনা ও হীরা চোরাচালানের মাধ্যমে প্রায় ৬৭৮ কোটি টাকা অর্থপাচারের অভিযোগে সিআইডির করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সরকারের পতনের পর সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে দিলীপ আগারওয়ালাকে গ্রেপ্তার করেছিল তৎকালীন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরে রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামের এক কিশোরকে হত্যার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় ওই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ মামলায় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

পরবর্তী সময়ে জামিনে কারামুক্ত হন দিলীপ আগারওয়ালা।

এনএনবাংলা/