সাম্প্রতিক
Skip to content

সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিচারিক রায়ের কপি চাইল ঢাকা

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ সরকার। রায়ের কপি হাতে পাওয়ার পর সৌদি আরবের সঙ্গে আলোচনা করে মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শামা ওবায়েদ ইসলাম বলেন, ২০২৩ সালে সৌদি আরবের পুলিশ অভিযুক্ত দুই বাংলাদেশিকে আটক করে। তবে এ সময়ের মধ্যে তাদের পরিবারের কোনো সদস্য সরকারের সঙ্গে যোগাযোগ করেননি। বিচারিক রায়ের কপি পাওয়া গেলে তাদের পরিচয় এবং দুজনের মধ্যে কী ধরনের সম্পর্ক ছিল, সে বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সৌদি আরবের বিভিন্ন এলাকায় কারাভোগ করা বাংলাদেশিদের প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশটিতে কারাবন্দি বাংলাদেশিদের তালিকা নিয়মিতভাবে বাংলাদেশের কাছে পাঠানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সেই তালিকা যাচাই-বাছাই করছে। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা চলছে।

তিনি বলেন, রায়ের কপি হাতে পাওয়ার পর বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানানো সম্ভব হবে। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান তিনি।

এ সময় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শামা ওবায়েদ ইসলাম বলেন, বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো আধা বেলার মধ্যে দেশের প্রধানমন্ত্রী, পুরো মন্ত্রিসভা এবং বায়তুল মোকাররম মসজিদের খতিবও দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার মতে, এমন ঘটনার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা চলে না। শেখ হাসিনাকে নিয়ে কথা বলা সময়ক্ষেপণ ছাড়া আর কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি।

এনএনবাংলা/