সাম্প্রতিক
Skip to content

গুলশানের কিংফিশার রেস্তোরাঁয় অভিযান, ৪ কোটি টাকার মদ-বিয়ার জব্দ

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশানের কিংফিশার রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ২ হাজার ৩৫৯ লিটার দেশি-বিদেশি মদ ও বিয়ার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) গোয়েন্দা দল। জব্দ করা এসব মদ ও বিয়ারের শুল্ক-করসহ মূল্য ৪ কোটি ২ লাখ ৮২ হাজার টাকা। এর মধ্যে শুল্ক-কর বাবদ রয়েছে ৩ কোটি ৪৪ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

রোববার মধ্যরাতে চালানো এ অভিযানে রেস্তোরাঁ কর্তৃপক্ষ বিদেশি মদ ও বিয়ার আমদানির বৈধ কাগজপত্র দেখাতে পারেনি বলে জানিয়েছে এনবিআরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর কাকরাইলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরে অধিদপ্তর। এর আগে শুল্ক ফাঁকি দিয়ে অ্যালকোহল বিক্রির তথ্য পাওয়ার পর রেস্তোরাঁটিতে বিশেষ অভিযান চালানো হয়। প্রায় তিন ঘণ্টার অভিযানে সহযোগিতা দেয় এসআরবি।

অভিযানে জব্দ করা অ্যালকোহলের মধ্যে ৮২৬ লিটার বিভিন্ন ব্র্যান্ডের মদ রয়েছে। এসব ব্র্যান্ডের মধ্যে রয়েছে ভ্যাট ৬৯, সিবাস রিগাল, ব্ল্যাক লেবেল, রেড লেবেল, জ্যাক ড্যানিয়েল, গোল্ড লেবেল, গর্ডন জিন ও এবসলিউট ভদকা। এ ছাড়া জব্দ করা হয়েছে ১ হাজার ৫৩৩ লিটার হান্টার ও হেনিকেন বিয়ার।

সিআইআইডির ভাষ্য অনুযায়ী, কিংফিশার রেস্তোরাঁটি মদ আমদানিকারক হিসেবে নিবন্ধিত নয়। অভিযানকালে রেস্তোরাঁ কর্তৃপক্ষ দেশি মদ ও বিয়ার কেনার পক্ষে অল্প কিছু চালান দেখাতে পারলেও বাকি পণ্যের বৈধ ক্রয়সংক্রান্ত চালান উপস্থাপন করতে পারেনি।

এ ছাড়া বিদেশি মদ ও বিয়ার কেনার পক্ষে কোনো দলিলপত্রও দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি। এ কারণে জব্দ করা পণ্যের আমদানি ও বৈধতার বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলছে বলে জানিয়েছে অধিদপ্তর।

এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (টিআইআইইউ) এবং মূল্য সংযোজন কর নিরীক্ষা, গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সদস্যরা এ অভিযানে অংশ নেন।

এনএনবাংলা/