সাম্প্রতিক
Skip to content

রাহুল গান্ধীর কনভয়ে বড়সড় দুর্ঘটনা, কেমন আছেন লোকসভার বিরোধী দলনেতা?

ছবি: এনডিটিভি

সোমবার সকালে বড়সড় দুর্ঘটনার মুখে পড়েছে ভারতের লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধীর গাড়িবহর। উত্তরপ্রদেশের সুলতানপুরে পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটেছে। যতদূর খবর, রাহুল গান্ধীর কনভয়ের পিছনে থাকা কয়েকটি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। তবে, রাহুল গান্ধীর শারীরিক অবস্থা ভালো, কংগ্রেস নেতা নিরাপদেই রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো। 

পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ের ৮৯.৫ কিলোমিটার মাইলস্টোনের কাছে, হালিয়াপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। জায়গাটি হালিয়াপুর পুলিশ স্টেশনের অধীনে। এই দুর্ঘটনায় কনভয়ের পিছনে থাকা গাড়িগুলি একে অপরের সঙ্গে ধাক্কা খায়। কিন্তু রাহুল গান্ধী সামনের দিকের একটি গাড়িতে ছিলেন। তাই তাঁর এবং তাঁর গাড়ির কিছু হয়নি বলে খবর। প্রাথমিক তথ্য অনুযায়ী, যেই সব গাড়িগুলিতে সংঘর্ষ হয়, সেগুলি রাহুল গান্ধীর গাড়ির পিছনে ছিল। তবে এই দুর্ঘটনার পরও কংগ্রেস নেতার গাড়ি অক্ষত রয়েছে।

জানা গিয়েছে, ২০১৮ সালের একটি ফৌজদারি মানহানির মামলা চলছে। সেটির রায় ঘোষণার শুনানিতে যোগ দিতে সুলতানপুরের বিশেষ এমপি/এমএলএ আদালতে যাচ্ছিলেন রাহুল গান্ধী। লখনউ থেকে সুলতানপুরের দিকে যাচ্ছিলেন তিনি। সেই সময় এই দুর্ঘটনা ঘটে। তাঁর কনভয়ের পিছনের গাড়িগুলির মধ্যে সংঘর্ষ হয়। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।

এনএনবাংলা/এনজেড