সাম্প্রতিক
Skip to content

জুলাই মানবতাবিরোধী অপরাধ

জাফর ইকবালসহ ৫ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

লেখক ও অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। ফাইল ছবি

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামালসহ পাঁচ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ জন্য দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৭ অক্টোবর) এ আদেশ দেওয়া হয়। মামলার পরবর্তী শুনানির তারিখ আগামী ১২ নভেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা, উসকানি ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাটি করা হয়েছে। এতে মোট আসামি আটজন। তাদের মধ্যে তিনজন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। তারা হলেন সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীন এবং নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। মঙ্গলবার তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অন্যদিকে, মামলার অপর পাঁচ আসামি এখনো গ্রেপ্তার হননি। তারা হলেন শাবিপ্রবির সাবেক অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এ এস এম মাকসুদ কামাল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান এবং সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাজহারুল কবির শয়ন।

ধার্য তারিখে এসব আসামি যাতে ট্রাইব্যুনালে হাজির হয়ে আত্মসমর্পণ করেন, সে জন্য দুটি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গত ২০ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন ট্রাইব্যুনাল।

এনএনবাংলা/