সাম্প্রতিক
Skip to content

ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, হাম উপসর্গে প্রাণ গেল ১ শিশুর

ফাইল ছবি: নিউ নেশন অনলাইন

দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গে মারা গেছে আরও এক শিশু। এ ছাড়া এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৭৩ জন। অন্যদিকে, হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ১০ জন।

বুধবার (২১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত ডেঙ্গু ও হামবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে সারাদেশে ১ হাজার ২০৭ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০৪ জন। বাকি ১ হাজার ১০৩ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

অন্যদিকে, চলতি বছরের ২০ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩৬২ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৮৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত বছর সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাদের মধ্যে ৪১৩ জনের মৃত্যু হয়। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা গিয়েছিলেন ৫৭৫ জন।

এনএনবাংলা/