হামের উপসর্গ কেড়ে নিল আরও ৭ শিশুর প্রাণ

দেশে হাম ও হামের উপসর্গে শিশুদের মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গে মোট এক হাজার ১৬২ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হামের উপসর্গ নিয়ে এক হাজার ৫৮ জন এবং নিশ্চিত হামে ১০৪ শিশু মারা গেছে।
রোববার (১১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হাম-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কোনো শিশুর মৃত্যু হয়নি। তবে এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ২৭৩ শিশু। তাদের মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯৩ জন। বাকি এক হাজার ১৮০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।
এ সময়ে নতুন করে এক হাজার ১০২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে এক হাজার ১৫ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ অক্টোবর পর্যন্ত দেশে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুই লাখ পাঁচ হাজার ২৮ জনে। এ সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২ হাজার ৪২১।
একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৮২ হাজার ৪৭ রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ ৭৪ হাজার ৪৬৯ জন।
এনএনবাংলা/
