ডেঙ্গুতে ১০ মৃত্যু, হামের উপসর্গে আরও ৬ প্রাণহানি

দেশে ডেঙ্গুর প্রকোপের সঙ্গে হামের উপসর্গ নিয়েও মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৯৬ জন। আর হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৩ জন।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া ১০ জনের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার দুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার একজন, বরিশাল বিভাগের দুজন, খুলনা বিভাগের তিনজন, রাজশাহী বিভাগের একজন এবং ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) একজন রয়েছেন।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ১ হাজার ৯৯৬ জনের মধ্যে ঢাকা বিভাগের (ঢাকা সিটি করপোরেশনের বাইরে) ৪৮০ জন, খুলনা বিভাগের ৩০২ জন, চট্টগ্রাম বিভাগের ২৪২ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১৮৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার ১৯৪ জন, বরিশাল বিভাগের ২০৩ জন, রাজশাহী বিভাগের ১৯৯ জন, ময়মনসিংহ বিভাগের ৯৬ জন, রংপুর বিভাগের ৭৫ জন এবং সিলেট বিভাগের ১৮ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৮১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯০ হাজার ৩৫৬ জন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ দশমিক ৩ শতাংশ এবং নারী ৩৭ দশমিক ৭ শতাংশ।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৯৩ জন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার (৫ অক্টোবর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ছয়জনের মৃত্যু হয়। এ সময়ে সন্দেহজনক হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯১ জন এবং নিশ্চিত হাম শনাক্ত হয়েছে ১০২ জনের।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৩২ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ১০২ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে শিশুমৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৩৪ জনে।
এদিকে, ১৫ মার্চ থেকে মঙ্গলবার পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৬ হাজার ৫১৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৬৯ হাজার ২৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৯ হাজার ১৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ২১ হাজার ৯১০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
এনএনবাংলা/
