সাম্প্রতিক
Skip to content

ডেঙ্গুতে মৃ’ত্যু ২০০ ছাড়াল

ছবি: নিউ নেশন অনলাইন

দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০১ জনে। এর মধ্যে শুধু সেপ্টেম্বর মাসেই মারা গেছেন ১০৪ জন, যা চলতি বছরের কোনো এক মাসে সর্বোচ্চ মৃত্যু।

একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬৮ জন। বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৩ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪০৫ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৭৮ জন, চট্টগ্রামে ৩১৭, খুলনায় ২৮০, ময়মনসিংহে ১১৩, রাজশাহীতে ১৫৬, রংপুরে ৫৯ এবং সিলেটে ৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী, একই সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৫৫৭ জন ডেঙ্গু রোগী। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৬৭ হাজার ৩৬৭ জন। তাদের মধ্যে ৬২ হাজার ১১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ২০০০ সাল থেকে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য সংরক্ষণ করছে। পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যুও ছিল সর্বোচ্চ—১ হাজার ৭০৫ জন।

এদিকে, গত বছরও ডেঙ্গুর প্রকোপ ছিল উল্লেখযোগ্য। ওই বছর ডেঙ্গুতে চার শতাধিক মানুষের মৃত্যু হয় এবং হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল প্রায় ১ লাখ ২ হাজার।

এনএনবাংলা/