সাম্প্রতিক
Skip to content

ডেঙ্গুতে একদিনে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২৯ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৭ জনে।

রোববার (১ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৬ হাজার ৯২৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩০ হাজার ৩৮৮ জন।

প্রতিবেদনে আরও বলা হয়, চলতি বছরের মধ্যে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে সদ্য সমাপ্ত অক্টোবরে। এ মাসে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৭৪ জন। এর আগে সেপ্টেম্বরে ১৪৮ জন, আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়। এ ছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগী মারা যান।

গত ২৪ ঘণ্টায় বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যায় শীর্ষে রয়েছে ঢাকা। এ বিভাগে নতুন করে ভর্তি হয়েছেন ৮৩১ জন। এ ছাড়া খুলনায় ২৫৯ জন, চট্টগ্রামে ২৫৭ জন, বরিশালে ২২৯ জন, রাজশাহীতে ১৮৫ জন, ময়মনসিংহে ৯২ জন, রংপুরে ৭৩ জন এবং সিলেট বিভাগে ১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত এসব রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

এনএনবাংলা/