সাম্প্রতিক
Skip to content

পূর্বাচল প্লট দুর্নীতি: শওকত আজিজ রাসেল কারাগারে

শওকত আজিজ রাসেল। ফাইল ছবি

পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় ১৪ বছরের কারাদণ্ডপ্রাপ্ত পারটেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এম এ হাসেমের ছেলে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রায়ের পর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন তিনি। তবে শুনানি শেষে আদালত তার আবেদন নাকচ করে দেন।

আজ রোববার (১ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর বিচারক মো. আব্দুস সালাম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, রোববার শওকত আজিজ রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন ঢাকা বারের সাবেক সভাপতি আইনজীবী গোলাম মোস্তফা খান। অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে জামিন আবেদনের বিরোধিতা করেন কৌঁসুলি খন্দকার শামীম হোসেন।

উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে শওকত আজিজ রাসেলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌঁসুলি খন্দকার শামীম হোসেন জানান, পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে রাসেল আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। তার আইনজীবীরা রায়ের বিরুদ্ধে আপিল করার শর্তে জামিনের আবেদন করেছিলেন। তবে শুনানি শেষে আদালত তা নাকচ করে দেন।

এর আগে গত ১৩ অক্টোবর একই আদালত পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির মামলায় শওকত আজিজ রাসেল, তার ভাই আশফাক আজিজ রুবেল এবং রাজউকের সাবেক চেয়ারম্যান ইকবালউদ্দিন চৌধুরীসহ আটজনকে পৃথক দুই ধারায় সাত বছর করে মোট ১৪ বছরের কারাদণ্ড দেন।

মামলায় দণ্ডিত অন্য আসামিরা হলেন রাজউকের সাবেক সদস্য (উন্নয়ন) এস ডি ফয়েজ, সাবেক সদস্য (পরিকল্পনা) এ কে এম ওয়াহেদুল ইসলাম, সাবেক সদস্য (অর্থ) এস এম জাফর উল্লাহ, সাবেক সদস্য (প্রশাসন ও ভূমি) এইচ এম জহুরুল হক এবং সাবেক সদস্য (এস্টেট) রেজাউল করিম তরফদার।

এনএনবাংলা/