ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হামের উপসর্গে প্রাণ গেল ২ শিশুর

দেশে ডেঙ্গু ও হামের উপসর্গে মৃত্যুর ঘটনা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৬২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১৮ জনে। আর শুধু অক্টোবর মাসেই ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১৭৩ জন, যা চলতি বছরের অন্য মাসগুলোর তুলনায় সর্বোচ্চ।
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তাদের একজন সিলেট ও অন্যজন খুলনায় চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে নতুন করে ১ হাজার ৩১৬ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। পাশাপাশি ৭৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া তিনজনই ঢাকা বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ সময়ে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে, ৪৩৫ জন। এ ছাড়া চট্টগ্রামে ২৬৮, খুলনায় ২৩১, বরিশালে ১৮২, রাজশাহীতে ১১২, ময়মনসিংহে ৭৫, রংপুরে ৪৮ এবং সিলেটে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৩৬৭ জন। মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪১৮ জনে।
মাসভিত্তিক পরিসংখ্যান বলছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ডেঙ্গুতে দুজন করে মারা যান। মার্চ ও এপ্রিলে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। মে মাসে একজন, জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে ১৪৮ জনের মৃত্যু হয়। আর অক্টোবরের ৩০ দিনেই মারা গেছেন ১৭৩ জন। ফলে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে চলতি মাসে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ২ লাখ ২৭ হাজার ৬৭৩ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। এর মধ্যে ২৩ হাজার ৭৭০ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ১৪৬ জন। আর নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০৫ জনের। সব মিলিয়ে চলতি বছর হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৫১ জনে।
বিভাগভিত্তিক হিসাবে, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে, ৫১১ জনের। এরপর সিলেটে ২০২, চট্টগ্রামে ১১০, রাজশাহীতে ৯৩, ময়মনসিংহে ৮৯, বরিশালে ৬৮, খুলনায় ৫৬ এবং রংপুরে ১৭ জনের মৃত্যু হয়েছে।
এনএনবাংলা/
