সাম্প্রতিক
Skip to content

হামের উপসর্গে আরও ৭ মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ১২১৪

ফাইল ছবি

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১১০ জনে। অন্যদিকে, নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ১ হাজার ২১৪ জনে।

শুক্রবার (২৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার হিসাব তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১১০ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে। একই সময়ে পরীক্ষায় ২৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। গত ১৫ মার্চ থেকে শুক্রবার পর্যন্ত দেশে হামের উপসর্গ দেখা গেছে মোট ২ লাখ ১৮ হাজার ৮৭০ জনের মধ্যে। এ সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৭৩ জন।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনের মধ্যে দুজন ঢাকা বিভাগের হাসপাতালে, তিনজন সিলেট বিভাগের হাসপাতালে, একজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে এবং একজন ময়মনসিংহ বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি বছর হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে মারা গেছেন ৪৯৮ জন। এরপর সিলেট বিভাগে ১৯৭ জন, চট্টগ্রামে ১০৩ জন, রাজশাহীতে ৯৩ জন, ময়মনসিংহে ৮৬ জন, বরিশালে ৬৫ জন, খুলনায় ৫১ জন এবং রংপুর বিভাগে ১৭ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত পরিসংখ্যানে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগী ও মৃত ব্যক্তিদের বয়সভিত্তিক তথ্য প্রকাশ করা হয় না। ফলে কোন বয়সী মানুষ বা শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে এবং কোন বয়সীদের মধ্যে মৃত্যুহার বেশি, তা নির্দিষ্টভাবে নির্ধারণ করা কঠিন।

রোগতত্ত্ববিদদের মতে, হাম যেকোনো বয়সী মানুষের হতে পারে। তবে এ রোগে শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি।

এনএনবাংলা/