ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাম উপসর্গে আরও ৭ প্রাণহানি

দেশে ডেঙ্গু ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাতজন। এ ছাড়া ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২ হাজার ৮৮ জন এবং হাম বা এর উপসর্গ নিয়ে ১ হাজার ৩১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
রোববার (১৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি ও নিয়মিত হামবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১২ হাজার ৪০০ জনে। মৃতের সংখ্যা নিয়েও তথ্যে অসংগতি রয়েছে। বিজ্ঞপ্তির শুরুতে ৩৪১ জনের মৃত্যুর কথা বলা হলেও পরের অংশে ৩৪৮ জনের উল্লেখ রয়েছে।
অন্যদিকে, গত ১৫ মার্চ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৯২ জনের মৃত্যু হয়েছে। পরীক্ষায় হাম নিশ্চিত হওয়ার পর মারা গেছেন আরও ১০৪ জন। এ সময়ে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ২৪৪ জনে, যার মধ্যে পরীক্ষায় নিশ্চিত রোগী ২৩ হাজার ১২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ পর্যন্ত হাম বা এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৮৯ হাজার ৪৮৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৮১ হাজার ৭৫৬ জন।
এনএনবাংলা/
