৭ দিনে ডেঙ্গু কেড়ে নিল ৪৪ প্রা’ণ, একদিনে মৃ’ত্যু ৮ জনের

দেশে ডেঙ্গুর প্রকোপ ক্রমেই ভয়াবহ হয়ে উঠছে। চলতি অক্টোবরের প্রথম সাত দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও আটজন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮৯ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৬০ জন। এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯২ হাজার ২১৬ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া আটজনের মধ্যে ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগে দুজন করে এবং বরিশাল ও সিলেট বিভাগে একজন করে রয়েছেন।
এর আগে মঙ্গলবার ডেঙ্গুতে ১০ জনের মৃত্যুর তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। চলতি বছরে এক দিনে ডেঙ্গুতে এটিই সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
এদিকে, গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৮৫২ জন। সব মিলিয়ে এখন পর্যন্ত ৮৬ হাজার ১৫২ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের মাসভিত্তিক হিসাবেও ডেঙ্গু পরিস্থিতির অবনতির চিত্র উঠে এসেছে। গত সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১৪৮ জনের মৃত্যু হয়। এর আগের মাস আগস্টে মারা যান ৪৩ জন। জুলাইয়ে ৩৬, জুনে ১৩ এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছিল। এছাড়া জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছিল।
অক্টোবরে মাত্র এক সপ্তাহেই ৪৪ জনের মৃত্যু হওয়ায় চলতি মাসে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।
এনএনবাংলা/
