সাম্প্রতিক
Skip to content

হাম উপসর্গে ৬ শিশুর মৃত্যু, ডেঙ্গুতে আরও ৪ জনের প্রাণহানি

ছবি: সংগৃহীত

দেশে হাম ও ডেঙ্গুর প্রকোপে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও চারজন। পাশাপাশি দুই রোগে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৬৪ জন। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে প্রকাশিত স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে ১ হাজার ৪৬৪ জনের শরীরে। তাদের মধ্যে ১১৩ জনের শরীরে নিশ্চিত হাম শনাক্ত হয়েছে। বাকি ১ হাজার ৩৫১ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

নতুন ছয় শিশুর মধ্যে দুজন ঢাকা বিভাগের, দুজন ময়মনসিংহের, একজন সিলেটের এবং একজন চট্টগ্রামের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ১১ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৯১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০৫ জন। অন্যদিকে হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৮৬ জন।

চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৭২৩ জনে। এ ছাড়া সন্দেহজনক রোগীর সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৯০৭ জন। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১৬ হাজার ৮০৬ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ৭ হাজার ৯০৩ জন।

ডেঙ্গুতেও বাড়ছে মৃত্যু ও সংক্রমণ
অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০০ জন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নতুন চারজনের মৃত্যুতে চলতি বছর ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৭৮ জনে। আর এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জন।

পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের তুলনায় চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দুটোই বেড়েছে। ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। তাঁদের মধ্যে মারা যান ৪১৩ জন। এর আগের বছর ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

এনএনবাংলা/