সাম্প্রতিক
Skip to content

২৪ ঘণ্টায় হাম উপসর্গ ও ডেঙ্গুতে ৫ মৃত্যু

ছবি: নিউ নেশন অনলাইন

হাম ও ডেঙ্গুর প্রকোপে দেশে উদ্বেগজনক পরিস্থিতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন আরও তিনজন। অর্থাৎ, এক দিনে এই দুই রোগে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২২৫ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৩৩ জন।

রোববার (৮ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম ও ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে রোববার পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গে মোট ১ হাজার ২৭৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৭৩ জন মারা গেছে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৩৮ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৩৭ হাজার ৮৫২ জনে। একই সময়ে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৭ জন। এ নিয়ে দেশে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা ২৪ হাজার ৩৮১।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১২ হাজার ৯৭৯ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ৪ হাজার ৪৯ জন।

অন্যদিকে, ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৬১ জনে। একই সময়ে নতুন করে ২ হাজার ৩৩৩ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। ফলে চলতি বছর আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯১৩ জনে।

এর আগে ২০২৫ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। ওই বছর এ রোগে মারা যান ৪১৩ জন। তার আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের।

এনএনবাংলা/