সাম্প্রতিক
Skip to content

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আগামী ১ জানুয়ারি, প্রস্তুতি শুরু

ছবি: সংগৃহীত

আগামী ১ জানুয়ারি শুরু হতে যাচ্ছে ৩১তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ)। ১৯৯৫ সাল থেকে ডিআইটিএফ আয়োজিত হচ্ছে। দীর্ঘদিন আগারগাঁওয়ে এই মেলা আয়োজন করা হলেও ২০২২ সাল থেকে তা নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের পূর্বাচলে যৌথভাবে আয়োজন করে আসছে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

এবার ২০২৭ সালের ১ জানুয়ারি বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর বিশেষ অতিথি থাকবেন বাণিজ্যসচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক মো. ফজলুল হক। ইপিবি সূত্রে এসব তথ্য জানা গেছে।

মাসব্যাপী এবারের মেলা আয়োজনের জন্য গত ২৯ অক্টোবর ছয়টি খাতে পণ্য সরবরাহ, বিভিন্ন সেবা ও অবকাঠামোগত কাজের দরপত্র আহ্বান করেছে ইপিবি। এসব কাজের মধ্যে রয়েছে মেলার অবকাঠামো নির্মাণ, সাজসজ্জা, নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও প্রচার-প্রচারণা।

দরপত্র বিজ্ঞপ্তি অনুযায়ী গত মঙ্গলবার থেকে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দরপত্র নেওয়া শুরু করেছে ইপিবি। দরপত্র জমা দেওয়ার শেষ সময় ১৭ নভেম্বর বিকেল চারটা। ১৮ নভেম্বর বেলা ১১টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।

ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ গণমাধ্যমকে জানান, ‘এবারের মেলায় বিদেশিদের অংশগ্রহণ বৃদ্ধিতে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোর সঙ্গে আমরা জুম প্ল্যাটফর্মে বৈঠক করেছি। চিঠিও দিয়েছি তাদের। এবার বিদেশি প্রতিষ্ঠানগুলোর ভালো সাড়া পড়বে বলে আমরা বিশ্বাস করি।’

প্রতিবছর বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে একটি পণ্যকে ‘বর্ষপণ্য’ বা ‘প্রোডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করা হয়। ২০২৬ সালের জন্য পেপার অ্যান্ড প্যাকেজিং ছিল বর্ষপণ্য। এবারের বর্ষপণ্য ঠিক করা হয়েছে কি না, তা জানতে চাইলে ইপিবি ভাইস চেয়ারম্যান বলেন, এখনো না। তবে কাজ চলছে।

এনএনবাংলা/এনজেড