লালমনিরহাটে ড্রামট্রাকের চাপায় ১ জন নিহত
জেলার কালীগঞ্জে বালুভর্তি ড্রামট্রাকের চাপায় বিপ্লব মিয়া (২২) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও ৩ জন গুরুতর আহত হন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের দক্ষিণ গোপাল রায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মৃত বিপ্লব মিয়া কালীগঞ্জ উপজেলার কাকিনা ওবদাবাজারের রুদ্রেশ্বর এলাকার রব্বানী মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জের নামুড়ী উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা দেখে কয়েকজন যুবক অটোরিকশাযোগে কাকিনা বাজারের দিকে ফিরছিলেন। পথে দক্ষিণ গোপাল রায় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির বালুভর্তি একটি ড্রামট্রাক অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বিপ্লব মিয়ার মৃত্যু হয়। এ সময় অটোরিকশায় থাকা আরও ৩ জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরে মওলা বাসসকে জানান, দুর্ঘটনার খবর তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এনএনবাংলা/এফএস
