সাম্প্রতিক
Skip to content

পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর, মারধর করে ছিনিয়ে নিয়েছে আসামি

ছবি: সংগৃহীত

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা চালিয়ে প্রতারণা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। হামলায় এক কর্মকর্তাসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। হামলায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে প্রতারণার মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। শুক্রবার সকালে তাকে গ্রেপ্তার করতে সোনাতলা থানার এসআই শিমুল কুমার দাস ও এএসআই মেহেদী হাসান পুলিশের পিকআপ ভ্যান নিয়ে ওই গ্রামে যান।

পুলিশ সদস্যরা সুমনকে গ্রেপ্তার করে গাড়িতে তোলার সময় স্থানীয় কয়েকজন তাদের ওপর হামলা চালান। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর করে সুমনকে ছিনিয়ে নেওয়া হয়। এ সময় হামলাকারীরা পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করেন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আহত তিন পুলিশ সদস্যকে উদ্ধার করে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, আদালতের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিকে ধরতে গেলে তার লোকজন ‘মব’ সৃষ্টি করেন। তাদের হামলায় কর্মকর্তাসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। পরে পরিস্থিতি স্বাভাবিক করা হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় এসআই শিমুল কুমার দাস বাদী হয়ে থানায় মামলা করেছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

এনএনবাংলা/